Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহা উপলক্ষ্যে গণপরিবহণের মালিক-শ্রমিক ও যাত্রীদের জন্য ডিএমপির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:৩৫

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাস টার্মিনাল কেন্দ্রিক গণপরিবহণ মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীগণের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২ মে) দুপুরে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মানিত ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদ যাত্রা নিরাপদ, সুগম ও নির্বিঘ্ন করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ কর্তৃক বিভিন্ন উদ্যোগ করা হয়েছে। এমতাবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে গণপরিবহণ মালিক-শ্রমিক ও যাত্রী সাধারণকে নিম্নোক্ত বিষয়সমূহ মেনে চলার অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

গণপরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে:

১. বাস যাত্রার সিডিউল অনুযায়ী টার্মিনাল হতে বাস ছাড়তে হবে।
২. যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।
৩. যাত্রীদের সাথে দুর্ব্যবহার ও হয়রানী করা যাবে না।
৪. একই সিট একাধিক যাত্রীর নিকট বিক্রয় করা যাবে না।
৫. সিট ব্যতীত বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না।
৬. পণ্য ও পশুবাহী যানবাহনে বিশেষ করে ফিরতি যানবাহনে যাত্রী বহন করা যাবে না;
৭. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে, বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো যাবে না।
৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং করা যাবে না।
৯. নেশা জাতীয় দ্রব্য সেবন করে, ঘুমঘুম ভাব হলে ও শারীরিক অসুস্থতা নিয়ে গাড়ি চালানো যাবে না।
১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
১১. গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোন বা এয়ারফোন ব্যবহার করা যাবে না এবং গাড়িতে উচ্চস্বরে গান বাজানো যাবে না।
১২. উলটো রাস্তায় গাড়ি চালানো যাবে না।
১৩. ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালক নিয়োগ করতে হবে।
১৪. মালিক কর্তৃক চালককে একটানা ৫ ঘন্টা ও দিনে ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য করা যাবে না।

যাত্রী সাধারণের উদ্দেশ্যে:

১. সড়কের যত্রতত্র দাঁড়িয়ে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টারে গিয়ে বাসে উঠতে হবে।
২. অপরিচিত কারো দেওয়া কোন খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।
৩. মালামাল নিজ হেফাজতে বা দায়িত্বে রাখতে হবে।
৪. বাস যাত্রার নির্ধারিত সময়ের পূর্বেই কাউন্টার বা টার্মিনালে হাজির হতে হবে।
৫. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে।
৬. চলন্ত গাড়িতে উঠানামা করা এবং পণ্যবাহী বা পশুবাহী মোটরযানে যাত্রী হয়ে যাতায়াত করা যাবে না।

পথচারীদের উদ্দেশ্যে:

১. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার হতে হবে।
২. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার হওয়া যাবে না।
৩. ফুটপাত দিয়ে চলাচল করতে হবে।

জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোলরুম/৯৯৯-এ যোগাযোগ করতে হবে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে উল্লেখিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকলের সহযোগিতা কামনা করছে।

সারাবাংলা/এমএইচ/এমপি