Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সালাহউদ্দিনের গুমের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১২:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নিজের গুম হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এ অভিযোগ জমা দেন তিনি। এর আগে, গত বছরের ১৫ অক্টোবর গুমসংক্রান্ত কমিশনেও অভিযোগ জমা দেন বিএনপির এই নেতা।

এদিন সাংবাদিকদের সালাহউদ্দিন বলেন, গুম-খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে। একইসঙ্গে শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি তোলেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজ গুম কমিশনে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরার একটি বাসা থেকে আমাকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা। এর ৬১ দিনের মাথায় আরেকটি দেশে প্রচার করেন তারা। এ সময়ের মধ্যে আমাকে যে কক্ষে রাখা হয়েছিল, এর বর্ণনাসহ নানা বিষয় গুম কমিশনের কাছে বলেছি।

এ সময় গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ থেকে গুম-খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। গুমের ঘটনায় এখন পর্যন্ত যারা গ্রেফতার হয়েছেন তাদের সাজা দিতে হবে। পলাতকদের কমিশনকে খুঁজে বের করার অনুরোধও জানান তিনি।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। প্রায় দুই মাস পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তার সন্ধান পায় স্থানীয় পুলিশ। সালাহউদ্দিনকে আটক করার পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। সেই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

সারাবাংলা/আরএম/ইআ