Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে মাথায় পানির ট্যাংক পড়ে মাদরাসা ছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: জেলার বালিয়াকান্দিতে অজু করার সময় কানিজ ফাতেমা (১৩) নামের এক মাদরাসা ছাত্রীর মাথায় পানির ট্যাংক পড়ে নিহত হয়েছে। এ সময় মিম আক্তার (১৪) নামের আরও এক ছাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) ভোরে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদরাসা ও এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে ওই মাদরাসায় মক্তব বিভাগে পড়তো।

আহত ছাত্রী মিম আক্তার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। সে ওই মাদরাসায় হেফজ বিভাগে পড়তো।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান,ফজরের নামাজ পড়ার জন্য ভোর ৪টা ৫০ মিনিটে ঘুম থেকে উঠে মাদরাসার অজুখানায় অজু করতে যায় কানিজ ফাতেমা ও মিম। এ সময় অজুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো ১০০০ লিটার পানির ট্যাংক খুঁটি ভেঙে কানিজ ফাতেমা ও মিমের মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়। আহত অবস্থায় মীমকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। মিমের মাথায় সেলাই লেগেছে। সে এখন নিজের বাড়িতে অবস্থান করছে।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ