Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সীমান্তের শূন্যরেখায় শেষবার মায়ের মুখ দেখলেন বাংলাদেশে থাকা মেয়েরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে সীমান্তের শূন্যরেখায় শেষবারের মতো মায়ের মুখ দেখলেন বাংলাদেশে বসবাসরত দুই মেয়ে। এতে ভারতীয় ভূখণ্ডে মৃত্যুবরণ করা মায়ের মরদেহ দেখার সুযোগ দিয়ে সীমান্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ৯টায় শান্তিপূর্ণভাবে মরদেহ দেখানো হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল নাজমুল হাসান জানান, মৃত লোজিনা বেগম (৮০) ভারতীয় নাগরিক নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রামের ফকির চাঁদের স্ত্রী। তিনি বিজিবির অধীন জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তের মেইন পিলার ৯৬/৮-এস এর বিপরীতে ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা বিএসএফ ক্যাম্পের আওতাধীন ভারতের অভ্যন্তরে বসবাসরত করতেন। স্বামী ফকির চানকে নিয়ে নিজ বাড়িতে থাকাকালীন শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, ওই ভারতীয় নাগরিকের মেয়েসহ নিকটাত্মীয় জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদশের জয়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। পরে ভারতীয় ভূখণ্ডে মৃত্যুবরণকারী মাকে দেখতে বাংলাদেশে বিবাহসূত্রে বসবাসরত মেয়েরা শেষ দর্শনের অনুরোধ করেন। সেই পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মৃতের নিকট আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সীমান্তে শূন্য লাইনে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শান্তিপূর্ণভাবে মরদেহ দেখানো হয়।

মৃত লোজিনা বেগম ভারতীয় নাগরিক জন্মসূত্রে স্বামীর সঙ্গে ভারতে বসবাস করতেন। তিনি চার ছেলে, আর মেয়ে রেখে গেছেন। তিনি বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার (২ জুন) রাতে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃতের দুই মেয়ে বিবাহসূত্রে স্বামী সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করছেন।

সারাবাংলা/ইআ