Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চানখারপুলে ৬ হত্যা / চার পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরে বিজ্ঞপ্তির নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুন ২০২৫ ১৫:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে করা মামলায় পলাতক চার পুলিশ কর্মকর্তাকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বুধবারের (৪ জুন) মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে এ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

পলাতকরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম, মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

বিজ্ঞাপন

এদিন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর শহিদুল ইসলাম সরদার।

এর আগে, সকালে এ মামলায় চার পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশেদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

গত ২৫ মে এ মামলায় আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই দিন পলাতক চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

গত বছরের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

সারাবাংলা/আরএম/ইআ
বিজ্ঞাপন

আরো