Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাগেরহাটে নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের রোমজাইপুর-উড়াবুনিয়ার এলাকার নদী ভাঙন রোধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রোমজাইপুর এলাকার ভাঙনকবলিত এলাকায় এ মানববন্ধন করেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

আন্তর্জাতিক চ্যানেলের রোমজাইপুর থেকে উড়াবুনিয়া পর্যন্ত ৪ কিলোমিটার এলাকার নদী ভাঙনে এরই মধ্যে অর্ধশতাধিক ঘরবাড়ি ও রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙ্গনের মুখে রয়েছে আরও শতাধিক। এ ভাঙন রোধে ও টেকসই বেড়িবাঁধের দাবিতে এলাকার শতশত ক্ষতিগ্রস্ত মানুষ এ মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফাত্তাইন নাঈম, ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিস’র প্রতিষ্ঠাতা মো. মাহফুজ, রামপালের পেড়িখালী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ, ফিরোজ মাঝি, রিনা বেগম, সন্ধ্যা রানী, তুহিন মোল্লা, শামীম খান, গিয়াস মোল্লা ও বয়জিৎ প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আন্তর্জাতিক এই নৌ চ্যানেল দিয়ে প্রতিদিন অসংখ্য পণ্যবাহী কার্গো-কোস্টার চলাচল করে। এখান থেকে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে। কিন্তু ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের কোনো উদ্যোগ নেই। তাই বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি ভাঙ্গন রোধে ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে যেন দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।’

তারা আরও বলেন, ‘আমরা এলাকাবাসী রামপাল উপজেলা প্রশাসন ও বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডে একাধিক বার আবেদন এবং স্মারকলিপি দিয়েছি। কিন্তু কোনো পদক্ষেপ আমরা আজও দেখতে পায়নি। আশা করছি এই জনবান্ধন সরকার অবশ্যই আমাদের দাবির বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।’

সারাবাংলা/এইচআই