Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোনো বিকল্প নাই: রফিকুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৫ ১৯:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে অনেকেরই পরিকল্পনা আওয়ামী স্টাইলে নির্বাচন করা। আওয়ামী স্টাইলে নির্বাচন হলে জুলাই যুদ্ধে মানুষের জীবন দেওয়ার প্রয়োজন ছিল না।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জামায়াতের এক প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘এই দেশটা কারো বাবার দেশ নয়। এই দেশটা কারো পারিবারিক সম্পত্তি নয়। এই দেশ ১৮ কোটি মানুষের সম্পদ। এই দেশ কিভাবে পরিচালিত হবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই। বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে আগামী দিনে একটি সুস্থ রাজনীতি উপহার দেওয়ার জন্য। আর সুস্থ রাজনীতির জন্য প্রয়োজনীয় সংস্কারের কোন বিকল্প নাই।’

বিজ্ঞাপন

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে রায় দেবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেব না। বাংলাদেশের মানুষ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা রাজা হব না, বাংলাদেশের মানুষকে আমরা প্রজা বানাবো না, আমরা হব দেশের মানুষের সেবক। বাংলাদেশের মানুষের খেদমত করাই হবে আমাদের উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আমাদের যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসবো না, ইসলামকে বসাবো ইনশাআল্লাহ। এটাই আমাদের অঙ্গীকার। আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত. চাঁদাবাজ মুক্ত ও দখলদার মুক্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চাই।’

টাঙ্গাইল জেলা জামায়াত আয়োজিত প্রীতি সম্মেলনে সভাপতিত্ব করেন দলের জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য আহসান হাবিব মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জামালপুর জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার, নাটোরের জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ড. মীর নূরুল ইসলাম এবং শিবিরের সাবেক কেন্দ্রীয় বিদেশ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের শুরা সদস্য ড. আহসান হাবীব ইমরোজ। সঞ্চালনায় ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মো. হুমায়ুন কবির।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ ময়েজ উদ্দিন, প্রফেসর ডা. রুহুল আমিন, জেলা জামায়াতের নায়েব আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, আব্দুল্লাহ আল নোমান, মুজাহিদুল ইসলাম, এডভোকেট শাফিউল আলম, শিবিরের জেলা সেক্রেটারি আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে।

সারাবাংলা/এমপি