Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান কাপ বাছাইপর্ব / সিঙ্গাপুরের কাছে হেরে হামজাদের স্বপ্নভঙ্গ

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই ম্যাচ নিয়ে দেশের ফুটবল ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভক্তদের হতাশ করল বাংলাদেশ। রোমাঞ্চকর এক লড়াই শেষে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিঙ্গাপুর।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই মাঠে উপস্থিত হাজারো সমর্থক। নেচে-গেয়ে বাংলাদেশ দলকে সমর্থন জুগিয়ে গিয়েছেন তারা। গত ম্যাচের মতো এবার মাঠে প্রবেশ নিয়ে ছিল না তেমন কোনো বিশৃঙ্খলা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ পালটা আক্রমণে জমে ওঠে খেলা। অভিষেক হওয়া শমিতের দুর্দান্ত ফুটবল নজর কেড়েছে আলাদাভাবে। বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যাওয়া হয়নি বাংলাদেশের।

বিজ্ঞাপন

সিঙ্গাপুরও কিছু আক্রমণ সাজিয়েছে প্রথমার্ধে। তারাও কাঙ্ক্ষিত গোলটা পাচ্ছিল না। অবশেষে হাফ টাইমের ঠিক আগে ইয়ংয়ের গোলে লিড নেয় সিঙ্গাপুর, স্টেডিয়ামের তখন পিনপতন নিস্তব্ধতা।

এক গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে নামে সিঙ্গাপুর। ৫৯ মিনিটে দলের লিড আরও বাড়ান ফান্দি। ৫ ডিফেন্ডারের মাঝে দাঁড়িয়েও দারুণ এক গোলে বাংলাদেশি সমর্থকদের হতাশায় ডোবান তিনি।

বাংলাদেশ অবশ্য ম্যাচের শেষ ৩০ মিনিটে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। এরই সুবাদে ৬৭ মিনিটে হামজার অ্যাসিস্টে গোল করে দর্শকের মনে কিছুটা আশা জাগিয়ে তোলেন ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ নস্ট করা রাকিব হোসেন।

ম্যাচের অন্তিম মুহূর্তে সিঙ্গাপুরের ওপর চাপ বাড়ায় বাংলাদেশ। তবে রক্ষণভাগ ও গোলকিপারের দৃঢ়তায় গোল হজম করেনি সিঙ্গাপুর।

শেষ পর্যন্ত ২-১ গোলের হারের হতাশা নিয়েই মাঠ ছাড়েন হামজারা। এই হারে গ্রুপ সি তে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেল বাংলাদেশ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে হংকং। ১ পয়েন্ট নিয়ে সবার শেষে ভারত।

সারাবাংলা/এফএম