Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বিস্ফোরণের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ২০:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলার আলফাডাঙ্গায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুলকে (৫৫) বিস্ফোরণের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের সমর্থক রিফাত বিশ্বাসকেও (১৮) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

সোহরাব হোসেন সদর ইউনিয়নের মহিষারঘোপ গ্রামের মৃত ওয়াদুদ মোল্যার ছেলে ও ফরিদপুর জেলা কৃষকলীগের পানি, সেচ ও বিদ্যুৎবিষয়ক সম্পাদক বলে জানা গেছে। রিফাত বিশ্বাস বোয়ালমারী উপজেলার কাদিরদী গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মীর নামে একটি বিস্ফোরণের মামলা করেন দিনমজুর ভ্যানচালক লাভলু সর্দার। মামলায় আলফাডাঙ্গা ছাড়াও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ জালাল আলম বলেন, ‘বিস্ফোরক মামলার (মামলা নম্বর-৩) অজ্ঞাতনামা আসামি আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান জেলা কৃষকলীগ নেতা সোহরাব হোসেন বুলবুল ও আওয়ামী লীগের সমর্থক রিফাত বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে তাদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, এ মামলার অনেক আসামিকে এর আগে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে অনেকেই জামিনও পেয়েছেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো