Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাংবাদিক ‘সেজে’ হোটেলে তল্লাশি চালানো ব্যক্তি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ০২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেলে তল্লাশি চালানো ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির হোটেলে ঢুকে অতিথিদের হেনস্থার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

এর প্রেক্ষিতে সোমবার (১৬ জুন) রাতে নগরীর কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন।

গ্রেফতার হান্নান রহিম তালুকদারের (৪০) বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। তিনি নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’ নামে একটি অনলাইন পত্রিকার সম্পাদক ও ‘সিএস টিভি ২৪’ নামে একটি আইপি চ্যানেলের চেয়ারম্যান পরিচয় দিয়ে থাকেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হান্নান রহিম নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বলেও দাবি করেছেন। তবে প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি জানিয়েছেন, তিনি প্রেসক্লাবের সদস্য নন।

এ ছাড়া, ফেসবুকে হান্নান রহিম কয়েকজন বিএনপি নেতার সঙ্গে নিজের ছবি এবং তাদের পক্ষে ঈদ শুভেচ্ছার পোস্টার পোস্ট করেছেন। নিজেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী বলেও উল্লেখ করেছেন।

পুলিশ জানায়, গত ৫ জুন রাত ১১টার দিকে হান্নান রহিম নিজেকে সাংবাদিক পরিচয় নগরীর বহদ্দারহাটে ‘পপুলার রেস্ট হাউজ’ নামে একটি আবাসিক হোটেলে প্রবেশ করেন।

গত শনিবার (১৪ জুন) ফেসবুকে নিজের আইডিতে সেই ভিডিও শেয়ার করেন হান্নান রহিম। এতে দেখা যায়, হাতে লোগোসম্বলিত একটি মাইক্রোফোন নিয়ে তিনি ওই হোটেলে প্রবেশ করেন। সঙ্গে ভিডিও ক্যামেরাও ছিল।

প্রথমে অভ্যর্থনা কক্ষে প্রবেশ করে হোটেলের কক্ষগুলোতে অবস্থানকারীদের নাম-পরিচয় জানতে চান। এরপর বিভিন্ন কক্ষে গিয়ে অতিথিদের বের করে, যাদের মধ্যে নারীও ছিল, তাদের পরিচয় এবং কেন হোটেলে এসেছে তার তথ্য জানতে চান। বিয়ের কাবিননামা দেখতে চেয়ে রীতিমতো অতিথিদের জেরা করে হেনস্থা করেন।

১৫ মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে তিনি লিখেন, ‘বহদ্দারহাট পপুলার গেস্ট হাউসে অসামাজিক কার্যকলাপের সরজমিন প্রতিবেদনে Cstv24 টিম। বিস্তারিত আসছে দৈনিক চট্টগ্রাম সংবাদ ও জনপ্রিয় আইপি টিভি Cstv24 চ্যানেলে।’ এভাবে প্রত্যেক হোটেলে অভিযান চালানো হবে বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘হান্নান রহিমের বিরুদ্ধে চাঁদা দাবি ও অন্যথায় হোটেল বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগে ওই হোটেলের কর্মকর্তা জাকির হোসেন মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো