Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘লন্ডন বৈঠকে তারেক রহমান প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৫ ১৩:৪৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: ঐতিহাসিক লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে মনে করে দলটির স্থায়ী কমিটি।

সোমবার (১৬ জুন) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির নিয়মিত বৈঠকে এ মত দেন দলটির শীর্ষ নেতারা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বিএনপির স্থায়ী কমিটি মনে করে লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তার দূরদর্শিতায় লন্ডন বৈঠক সফল হওয়ায় দেশের মানুষের মনে আস্থার সঞ্চার হয়েছে। এই বৈঠকে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়টি তারেক রহমান সফলভাবে উপস্থাপন করেছেন।’

বিজ্ঞাপন

পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত লন্ডন বৈঠক ফলপ্রসূ হওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করেন।

সারাবাংলা/এজেড/এসডব্লিউ