Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অডিওকল ফাঁসকে কেন্দ্র করে ডা. তাজনূভাকে ঘিরে অপপ্রচার, এনসিপির প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১০:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিওকল ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম-আহ্বায়ক ডা. তাজনূভা জাবীনকে ঘিরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং কিছু রাজনৈতিক গোষ্ঠীর পক্ষ থেকে কুরুচিপূর্ণ, যৌন হয়রানিমূলক ও ভিত্তিহীন প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ জুন) এক বিবৃতিতে এনসিপি জানায়, এ ঘটনাকে বিচ্ছিন্নভাবে না দেখে পরিকল্পিত অপচেষ্টা হিসেবে দেখা উচিত। দলটির মতে, নারী নেতৃত্বকে হেয় করা এবং রাজনৈতিক পরিসরে নারীদের সক্রিয় অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতেই এই ধরণের প্রচারণা চালানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ‘এটি কেবল একজন নারী নেত্রীর সম্মানহানিকর অপচেষ্টা নয়, বরং তা নারীর রাজনৈতিক কর্তাসত্তা অস্বীকারের ঘৃণ্য চক্রান্ত। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নারীরা যেভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধার করেছেন, এই ধরণের প্রচারণা তার বিরুদ্ধে সরাসরি আঘাত।’

এনসিপি অভিযোগ করে, শুধুমাত্র ফ্যাসিবাদপন্থী গোষ্ঠী নয়, এমনকি কিছু ফ্যাসিবাদ বিরোধী দলের নেতাকর্মীরাও এই প্রোপাগান্ডায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হয়েছেন। দলের ভাষ্য অনুযায়ী, ‘একটি প্রধানধারার দৈনিক পত্রিকাও ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড প্রকাশ করে ডা. তাজনূভাকে জনপরিসরে আরও অরক্ষিত করে তুলেছে, যা নিপীড়নমূলক মন্তব্যকে উস্কানি দিয়েছে।’

বিবৃতিতে এনসিপি স্পষ্ট করে জানায়, নারী নেতৃত্ব ও অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে পুরনো রাজনৈতিক শক্তিগুলো সক্রিয়ভাবে কাজ করছে। দলটি ভবিষ্যতে এ ধরনের নারীবিরোধী প্রচারণা ও সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিবৃতিতে বলা হয়, ‘এই ধরণের যৌন হয়রানিমূলক প্রচারণা বন্ধ না হলে এনসিপি সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পথে এগোবে।’

সারাবাংলা/এফএন/এমপি