Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রতি শনিবার অভিযান চালালে ঢাকা অপরিচ্ছন্ন থাকবে না: ডিএসসিসি প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৩:২৫ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৫:৪১

ঢাকা: প্রতি শনিবার প্রতিটি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি নাগরিকদেরও এ কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সপ্তাহে অন্তত এক দিন নিজের বাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখলে ঢাকা শহর অপরিচ্ছন্ন থাকবে না।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় ‘ক্লিনিং ডে’ উপলক্ষ্যে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলাকালে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কয়েক মাস ধরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত তিন মাসের কর্মসূচি নিরলসভাবে বাস্তবায়ন করা গেলে রাস্তাঘাট ও বাড়ির আঙিনা পরিষ্কার থাকবে। একই সঙ্গে বিভিন্ন রোগবালাই থেকেও মানুষ রক্ষা পাবে।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতা কার্যক্রমে সিটি করপোরেশনের কর্মীরা কাজ করবেন। তবে এ কর্মসূচি সফল করতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। এ জন্য বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড এবং সামাজিক সংগঠনগুলোকে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এ কার্যক্রমে অংশ নিচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পর বিভিন্ন স্থানে পানি জমে থাকে। এসব পানি তিন দিনের বেশি জমতে দেওয়া যাবে না। ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি ফেলে দেওয়ার বিষয়ে ব্যক্তিগত পর্যায়েও সবাইকে উদ্যোগী হতে হবে।

কোথাও জমে থাকা পানি ব্যক্তিগতভাবে অপসারণ করা সম্ভব না হলে সিটি করপোরেশনকে জানানোর পরামর্শ দেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে করপোরেশনের পক্ষ থেকে পানি অপসারণের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান আবদুস সালাম।

পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, গণমাধ্যমে কর্মসূচির প্রচারের ফলে জনগণের মধ্যে এরই মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। নাগরিকদের মধ্যে পূর্ণাঙ্গ সচেতনতা গড়ে উঠলে ঘোষিত কর্মসূচি সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকায় ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং সিটি করপোরেশনের তথ্যের সামঞ্জস্য এবং রোগীরা ঢাকার বাসিন্দা নাকি ঢাকার বাইরে থেকে আসছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে দুই সংস্থার যৌথভাবে তথ্য প্রকাশ করা উচিত।

তিনি বলেন, সিটি করপোরেশনের কাছে থাকা তথ্য অনুযায়ী, ডেঙ্গু আক্রান্তদের বেশির ভাগই ঢাকা সিটির বাইরের এলাকা থেকে আসছেন। তারা বিভিন্ন কারণে ঢাকায় আসেন এবং এখানে এসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, তাদের কাছে থাকা পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম। তবে এ সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চান তারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর