Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমদানি ও সেবা ব্যয় পরিশোধে ১ লাখ ডলার বিদেশে পাঠানো যাবে

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১৮:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চলতি লেনদেনের মাধ্যমে পণ্য আমদানি ও সেবার ব্যয় মেটাতে ব্যবসায়ীরা সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত বিদেশে পাঠাতে পারবেন।

বৃহস্পতিবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নির্দেশনার ফলে ব্যবসায়িক প্রয়োজনে বিদেশে অর্থ পাঠানো আরও সহজ ও দ্রুত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে বিদ্যমান শিল্পনীতির আওতায় থাকা সব খাতের কোম্পানি বার্ষিক বিক্রির ১ শতাংশ বা সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার, যেটি বেশি, তা বিদেশে পাঠাতে পারবে, যদি তা চলতি হিসাবে লেনদেন হয়।

এর আগে এ সুবিধা শুধু উৎপাদন ও শিল্পনীতি অনুযায়ী তালিকাভুক্ত সেবা খাতের জন্য প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনায় এই সুবিধা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে ট্রেডিংসহ বিভিন্ন খাতের ব্যবসায়িক লেনদেনেও প্রয়োজন অনুযায়ী অর্থ পাঠানো যাবে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মতো আর্থিক খাতগুলো নতুন নির্দেশনার বাইরে থাকবে।

এ ছাড়া রয়্যালটি, কারিগরি সহায়তা, টেকনিক্যাল নলেজ ফি ও ফ্র্যাঞ্চাইজি ফি-সংক্রান্ত রেমিট্যান্সও এই বিশেষ সুবিধার আওতায় পড়বে না। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর জন্য প্রদত্ত নির্দেশনা অনুযায়ী চলবে এসব। এসব অর্থ পরিশোধ আগের মতোই নির্ধারিত অনুমোদনের মাধ্যমে পাঠাতে হবে।

সারাবাংলা/আরএস