Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খেলাফত মজলিসের বিক্ষোভ ২৭ জুন

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ০০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতীয় আধিপত্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানে কোনো আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। তিনি বলেছেন, আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ধরন, প্রতীক বা জোট আলাদা হতে পারে। কিন্তু, ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সব ইসলামী শক্তিকে একটি যৌথ আদর্শিক প্ল্যাটফর্মে একত্র হতে হবে।

শনিবার (২১ জুন) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মাসিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠক থেকে আগামী শুক্রবার (২৭ জুন) ‘মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে’ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ২৯ জুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনার দিন নির্ধারিত হয়।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে মামুনুল হক বলেন, ইরান ও অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ কেবল ভূ-রাজনৈতিক সংঘাত নয়; এটি ইনসাফ বনাম দখলদারিত্বের একটি স্পষ্ট রূপ। ইরান যে সাহসিকতায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য একটি আত্মমর্যাদাময় দৃষ্টান্ত। এটি কেবল ফিলিস্তিন নয়—সারা মুসলিম জাতির অস্তিত্ব ও আত্মরক্ষার লড়াই।

তিনি বলেন, ইসলামী বিশ্বের সব শক্তিকে এখন ঐক্যবদ্ধভাবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে তাদের আকাশপথ ইসরাইলের জন্য নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এ মুহূর্তে দ্বিধাহীন ও আপসহীন ইনসাফের পক্ষে অবস্থান নেওয়া সময়ের জরুরি দাবি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ও ভারতীয় আধিপত্যবাদ রোধে দেশের ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে ন্যূনতম আদর্শিক ঐক্য অপরিহার্য। অতীতে আমরা যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকেছি, ভবিষ্যতেও সেই ঐক্য অটুট রাখতে হবে।

তিনি বলেন, পরাজিত ও জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী গোষ্ঠীতে পরিণত হয়েছে। এদের শাসনে দেশের স্বাধীনতা, ভোটাধিকার এবং ইসলামপন্থিদের অস্তিত্ব বারবার লাঞ্ছিত হয়েছে। শাপলা-গণহত্যা, জুলাই-আগস্ট গণহত্যাসহ গুম-খুন, দমন-পীড়ন, সন্ত্রাস ও নির্বাচনী ব্যবস্থার ধ্বংসের দায়ে তাদের বিরুদ্ধে দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।

সারাবাংলা/এফএন/এইচআই