Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি পরীক্ষা / চট্টগ্রাম শিক্ষাবোর্ডে বেড়েছে কলেজ, কমেছে পরীক্ষার্থী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৫ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরী ও পাঁচ জেলায় এবারের এইচএসসি পরীক্ষায় কলেজের সংখ্যা বাড়লেও পরীক্ষার্থী কমেছে তিন হাজারেরও বেশি। রোববার (২২ জুন) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য জানান।

২৬ জুন থেকে সারাদেশে বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১০ আগস্ট। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের কলেজগুলোর শিক্ষার্থীরা এই এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। শিক্ষাবোর্ডের তথ্যানুযায়ী, এবার ৩০৭টি কলেজ থেকে এক লাখ দুই হাজার ৮৬৯ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গতবছর ২৮৭টি কলেজ থেকে এক লাখ ছয় হাজার ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজার ৫২৩ জন, যার মধ্যে ৩১ হাজার ৮৩৯ জন ছাত্র আর ৩৯ হাজার ৬৮৪ জন ছাত্রী। শুধু মহানগরে পরীক্ষার্থী ৩৫ হাজার ৫৮৪ জন, যার মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৬৭ জন এবং ছাত্রী ১৮ হাজার ৭১৭ জন।

গতবছর চট্টগ্রাম মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৬ হাজার ১৭৯ জন, যার মধ্যে ৩৪ হাজার ৯৭৯ জন ছাত্র আর ৪১ হাজার ২০০ জন ছাত্রী। শুধু মহানগরে পরীক্ষার্থী ছিল ৩৭ হাজার ৪৯২ জন, যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১৩৬ জন এবং ছাত্রী ১৯ হাজার ৩৫৬ জন।

এবার কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৫ জন, যার মধ্যে ছাত্র ৪ হাজার ৭২২ এবং ছাত্রী ৭ হাজার ২৮৩ জন। রাঙ্গামাটিতে ৫ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৪১৬ জন এবং ছাত্রী ৩ হাজার ১৩৮ জন। খাগড়াছড়িতে ৭ হাজার ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৩০৬ ও ছাত্রী ৩ হাজার ৭৭৬ জন। বান্দরবান জেলায় ৩ হাজার ৮৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৫৬ জন এবং ছাত্রী ২ হাজার ১৫ জন।

গতবছর কক্সবাজার জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ হাজার ৪৬৩ জন, রাঙ্গামাটিতে ৫ হাজার ৬৬৩ জন, খাগড়াছড়িতে ৬ হাজার ৭২৭ জন এবং বান্দরবানে ছিল ৪ হাজার ২ জন।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৪১৭ জন বিজ্ঞান বিভাগ থেকে, ৪৫ হাজার ১২২ জন মানবিক বিভাগ থেকে, ৩২ হাজার ৪৯৫ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবং ১ জন গার্হস্থ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন।

সব বিভাগেই গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। গতবছর ২৩ হাজার ৫৩২ জন বিজ্ঞান বিভাগ থেকে, ৪৬ হাজার ২৭৩ জন মানবিক বিভাগ থেকে, ৩৬ হাজার ২২৫ জন ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবং চারজন গার্হস্থ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

গতবছরের মতো এবারও মোট পরীক্ষাকেন্দ্র ১১৫টি। এর মধ্যে মহানগরীর ২৭টিসহ চট্টগ্রামে ৬৯টি, কক্সবাজারে ১৮টি, রাঙ্গামাটিতে ১০টি, খাগড়াছড়িতে ১০টি ও বান্দরবানে আটটি কেন্দ্রে পরীক্ষা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য মোট ৪০টি ভিজিল্যান্স টিম গঠন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

সারাবাংলা/আরডি/পিটিএম