Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগর ভবনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৫ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ট্রেড ইউনিয়নের প্রথম জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন (৪৫), সদস্য মহিদুল ইসলাম (৩৫), দিদার (৪৪), জসিম (৪০), জুয়েল (৪৫), ওবায়দুল (২৮), আজিজ (৪৬), উজ্জল (২১) ও সোহাগ (২৫)।

নগর ভবনের ট্রেড ইউনিয়নের (রেজি. ৩২৫৬) সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন অভিযোগ করেন, তারা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদ ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছিলেন। মঙ্গলবার সকালে তারা অফিসে যোগ দিলে দুপুর ১২টার দিকে একদল লোক নগর ভবনের নিচতলায় দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে, হামলার কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত ৯ জনকে জরুরি বিভাগে আনা হয়েছিল। এদের মধ্যে মনির হোসেন ও মহিদুল ইসলামকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে। বাকিদের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই