Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ সন্ধ্যায় তেহরান ছাড়ছেন ৩৫ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৮:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৩৫ বাংলাদেশি নাগরিক আজ বুধবার (২৫ জুন) ইরানের রাজধানী তেহরান ছাড়ছেন। পাকিস্তান হয়ে প্রথম দফায় দেশে ফিরবেন তারা। এদিন সন্ধ্যায় তেহরান থেকে পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন তারা। সেখান থেকে দুবাই হয়ে ঢাকায় ফিরবেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তেহরান থেকে প্রথম দফায় আজ সন্ধ্যায় সড়ক পথে ৩৫ জন বাংলাদেশি রওনা দেবেন। এদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সেখানে চিকিৎসা নিতে যাওয়া রোগী। তারা আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি আসবেন। করাচি থেকে দুবাই হয়ে দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ইরান থেকে প্রথমে সংঘাতের শুরুতে অনেক বাংলাদেশি দেশে ফেরার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে এখন সংঘাত থেমে যাওয়ায় অনেকেই ফিরতে আগ্রহী নন। তবে তেহরান থেকে ফিরতে আগ্রহীদের জন্য বাস প্রস্তুত করা হয়েছে। আগ্রহীরা এ বাসযোগে রওনা দিতে পারবেন। ইরান থেকে দেশে ফেরার জন্য এরই মধ্যে ২৫০ জন বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। এসব বাংলাদেশিকে ধাপে ধাপে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। তার মধ্যে তেহরানে ৪০০ বাংলাদেশি থাকেন। ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা ৬৭২ জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন ৬৬ জন। দেশে ফিরতে আগ্রহী সব বাংলাদেশি নাগরিককে তাদের নাম-ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যসহ তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সারাবাংলা/একে/পিটিএম