Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্লাব বিশ্বকাপ ২০২৫
মেসিদের এক হালি গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০২৫ ০৮:৫০ | আপডেট: ৩০ জুন ২০২৫ ১০:১৩

পিএসজির কাছে মেসিদের অসহায় আত্মসমর্পণ

শক্তিমত্তার দিক দিয়ে দুই দলের যোজন যোজন ফারাক। এক দল কিছুদিন আগেই জিতেছে চ্যাম্পিয়নস লিগ, অন্য দল খেলে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। পিএসজি ও ইন্টার মায়ামির ম্যাচটা যে একপেশে হবে, সে অনুমেয়ই ছিল। তবে এক লিওনেল মেসিকেই নিয়েই স্বপ্ন বুনছিল ইন্টার মায়ামি সমর্থকরা। তাদের সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে পিএসজি। মেসিদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েই ক্লাব বিশ্বকাপের শেষ ৮ এ পা রাখল উসমান ডেম্বেলের দল।

মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল পিএসজির দাপট। প্রথমার্ধে মায়ামিকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছেন তারা। পুরো ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রেখে মেসিদের কোনো সুযোগই দেয়নি পিএসজি।

বিজ্ঞাপন

৬ মিনিটের মাথায় নাভাসের গোলে লিড পায় পিএসজি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৪৪ মিনিটে আত্মঘাতী গোল করে মায়ামির বিপদ আরও বাড়িয়ে দেন আভিলাস।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে মায়ামির জালে চতুর্থবার বল জড়ান হাকিমি। ৪-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ প্রতিরোধ গড়ে তুলেছে মেসির দল। এই হাফে আর গোল হজম করেনি তারা। তবে পিএসজির জালে কোনো গোলও দিতে পারেননি মেসিরা।

শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় পিএসজি। এই হারে ক্লাব বিশ্বকাপে মেসির যাত্রা শেষ হলো। ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ।

সারাবাংলা/এফএম