Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উজান থেকে নেমে আসা পানিতে কুষ্টিয়ার পদ্মায় তীব্র ভাঙন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: উজান থেকে নেমে আসা পানি, অতিবৃষ্টি আর পদ্মার প্রবল স্রোতের কারণে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় দেখা দিয়েছে তীব্র ভাঙন।

গত এক সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, ১২ মাইল টিকটিকিপাড়া, মসলেমপুর ও আশপাশের প্রায় ৬ কিমি এলাকায় এই ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙন প্রতিরোধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। দ্রুত ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি নদী পাড়ের মানুষদের।

সরেজমিনে দেখা যায়, পদ্মায় পানি বাড়ার সাথে সাথে তীব্র ভাঙনের কারণে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ পদ্মা নদী রক্ষা পাউবোর বেড়িবাঁধ। সেই সঙ্গে চরম আতঙ্কে রয়েছে অন্তত দশ হাজার নদী তীরবর্তী মানুষ। অবিলম্বে ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবিতে নদীর পাড়ে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী রাকিব হোসেন বলেন, আজ ৬ দিন হলো নদী ভাঙ্গছে, ঘর বাড়ি সব ভেঙ্গে চলে যাবে কোউ আসছে না। জিও ব্যাগ ফেললে আমারা বেঁচে যেতাম। আমাদরে আবাদি জমি সব ভেঙ্গে চলে গেছে এখন শুধু বাড়িই আছে। এর দ্রুত সমাধান করতে হবে তানা হলে আমাদের রাস্তায় রাত কাটাতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশেদুর রহমান সারাবংলাকে বলেন, তালবাড়ীয়া থেকে ৯ কিলোমিটার ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে ১ হাজার ৪৭২ কোটি টাকা ব্যায়ে প্রকল্প চলমান রয়েছে, এর আপার পাটে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া ও টিকটিকি পাড়া এবং এর আশপাশের এলাকায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কারনে ভাঙন দেখা দিয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা আমাদের টিম পরিদর্শন করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা এরইমধ্যে যোগাযোগ করেছি। তারা বরাদ্দ দিলেই এসব এলাকায় ভাঙনরোধে আমরা দ্রুত কাজ শুরু করব।

সারাবাংলা/এনজে