Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৮:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে সারাদেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমাদের তো একজনকে মেডিকেল ট্রিট করতে হচ্ছে। অন্য বাচ্চাটাকে কাউন্সেলিং, একটা ১০ বছরের বাচ্চা কাউন্সেলিং কতটুকু বোঝে আমি জানি না। তাকে তো সেরকম কিছু একটা করতে হবে। এগুলো হচ্ছে জটিল সামাজিক সমস্যা। কিন্তু সমস্যা বলে তো আমি এগুলো কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পারছি না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এ সহিংসতাগুলো এতই ব্যাপক যে, এগুলোর ব্যাপারে আমরা মন্ত্রণালয় থেকে কঠোর কতগুলো আইনি দাবি তুলতে যাচ্ছি। একটি হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ। সারা বিশ্ব যদি পর্নোগ্রাফির নিয়ন্ত্রণ করতে পারে, আমার দেশ কেন পারবে না! একটি বয়সের নিচে এর অ্যাক্সেসই (প্রবেশের সুযোগ) থাকবে না। এ দাবিটা আমি তোমাদের সামনে করছি, আমি আমার জায়গা থেকে সরকারে বসে যতটুকু সম্ভব এটা নিয়ে যুদ্ধ করব। আমাদের বাচ্চাদের হাতে এটা (পর্নোগ্রাফি) তুলে দেওয়া যাবে না।’

নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে। এরই মধ্যে এর কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে জানান উপদেষ্টা।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো