ঢাকা: ‘স্মরণ, শ্রদ্ধা ও সংলাপ’-এই মূলমন্ত্রকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আজ ২১তম দিনে পৌঁছেছে। বুধবার (২৩ জুলাই) কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি ও চট্টগ্রামে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে।
চাঁদপুর ও কুমিল্লায় অনুষ্ঠিত হবে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র কর্মসূচি। তবে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনার প্রেক্ষিতে এই কর্মসূচিতে যুক্ত করা হয়েছে বিশেষ শোক ও শ্রদ্ধা জানানোর আয়োজন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, ‘চাঁদপুর ও কুমিল্লায় কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিলের আয়োজন করা হবে।’ তারা বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে কর্মীদের প্রতি।’
এর আগে বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে এনসিপি কেন্দ্রীয়ভাবে তিন জেলার পদযাত্রা- ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি স্থগিত করে।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে ছাত্র-জনতার নেতৃত্বে সংঘটিত গণআন্দোলন ‘জুলাই অভ্যুত্থান’ নামে পরিচিতি পায়। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে ও গণতন্ত্র, মানবাধিকার ও রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্নে সচেতনতা বাড়াতে এনসিপি এ বছরের ১ জুলাই থেকে মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত।
সারা দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন আয়োজিত পদযাত্রা ও পথসভাগুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, সমাজকর্মী ও রাজনৈতিক কর্মীরা সরাসরি অংশগ্রহণ করছেন, নিজেদের আশা, অভিমান ও ভবিষ্যতের স্বপ্নগুলো প্রকাশ করছেন।