Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শিল্পীদের কাছে জাতি আরেকটু দায়িত্বশীলতা আশা করে: সংস্কৃতি উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ০৯:৪০

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

ঢাকা: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে গুজব ছড়ানোর বিষয়ে শীর্ষস্থানীয় কয়েকজন অভিনেতা-পরিচালকের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফারুকী বলেন, গত তিন ঘণ্টায় আমাদের পরিচিত ও সম্মানিত কয়েকজন শিল্পী অভিনেতা, অভিনেত্রী ও পরিচালক তাদের প্রোফাইল থেকে একটি ভুল তথ্য শেয়ার করেছেন। সেই তথ্যের শিরোনাম ছিল ‘মাইলস্টোনের উপর বিমান বিধ্বস্তের ঘটনায় যাদের পাওয়া যাচ্ছে না।’

তিনি জানান, এ ধরনের একটি পোস্ট ১৩০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং যদিও সংশ্লিষ্ট ব্যক্তি পরে সেটি মুছে দিয়েছেন, ততক্ষণে তা অনেক দূর ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

উপদেষ্টা বলেন, ‘ভুয়া তথ্যে বলা হচ্ছে, মাইলস্টোনের প্রায় ৪৬ জন ছাত্র-ছাত্রীকে পাওয়া যাচ্ছে না। এমন অবিশ্বাস্য তথ্য কীভাবে কেউ যাচাই না করেই শেয়ার করেন? এটা কি নিছক ভুল, নাকি এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল?’

তিনি আরও যোগ করেন, ‘এমন একটি ট্র্যাজেডির সময়ে দায়িত্বজ্ঞানহীন পোস্ট শুধু বিভ্রান্তি ছড়ায় না, বরং ক্ষতবিক্ষত মানুষদের মনের ওপর বাড়তি চাপ তৈরি করে। শিল্পী সমাজ জাতির বিবেক। আমরা তাদের কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করি।’

উল্লেখ্য, উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুলের কাছাকাছি ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনায় এরইমধ্যে কয়েকজন নিহত ও বহু আহতের তথ্য নিশ্চিত হয়েছে। শিক্ষার্থীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাওয়া গেলেও সামাজিক মাধ্যমে গুজব ও অনুমানভিত্তিক পোস্টে আতঙ্ক ছড়াচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে