Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গণতন্ত্রপন্থীদের শান্ত থাকার আহ্বান তারেক রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ১০:৩৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা: গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত ও সংহত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘‘জাতির এই শোকের সময় আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত ও সংহত থাকার আহ্বান জানাচ্ছি। বিভেদমূলক সংঘাত বা মব উচ্ছৃঙ্খলতা বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও আত্মসংযমের ওপর ভিত্তি করে আমাদের একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে।’’

তিনি বলেন, ‘‘নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠনের কিছু সদস্যদের নিয়ে জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে। এই সকল গোষ্ঠীর বাংলাদেশের ইতিহাসের এমন একটি শোকাবহ মুহূর্তকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা থেকে বিরত থাকা উচিত।’’

বিজ্ঞাপন

‘‘এই মুহূর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি ও একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমাদের শক্তি ব্যয় হোক-নিখোঁজ প্রিয়জনদের খুঁজে বের করা, নিহতদের সঠিকভাবে হিসাব করা, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা এবং বিমান দুর্ঘটনার মূল কারণ নির্ধারণে কর্তৃপক্ষকে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দেওয়ার কাজে’’— বলেন তারেক রহমান।

প্রাণহানির শিকার নিরীহ ব্যক্তিবর্গ এবং তাদের শোক-সন্তপ্ত পরিবারগুলোর প্রতি অনুভূতি ও সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, ‘‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংটকে সংহতি প্রদর্শনের মাধ্যমে মোকাবিলা করতে হবে।”

সারাবাংলা/এজেড/ইআ