ঢাকা: তীব্র গরমের এই দিনে রাজধানী ঢাকার বায়ুদূষণও উদ্বেগজনক হারে বাড়ছে। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার জানিয়েছে, বুধবার সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিআই) স্কোর ছিল ৭০, যা ‘মাঝারি’ মানদণ্ডে পড়ে। তবে সার্বিক দূষণ পরিস্থিতির বিচারে আজকের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ২৩তম।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা, যার একিআই স্কোর ১৭১। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬৫), গণতান্ত্রিক কঙ্গোর কিনশাসা (১৬০), পাকিস্তানের লাহোর (১৫৪) এবং চিলির সান্তিয়াগো (১৪৯)।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র ধূলিকণা ও বস্তুকণা, যা সরাসরি শ্বাসতন্ত্রের রোগ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
আইকিউএয়ারের শ্রেণিবিন্যাস অনুযায়ী:
AQI স্কোর ০–৫০: ভাল
৫১–১০০: মাঝারি
১০১–১৫০: সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০: অস্বাস্থ্যকর
২০১–৩০০: অত্যন্ত অস্বাস্থ্যকর
৩০১ বা তার বেশি: ঝুঁকিপূর্ণ
বায়ুদূষণের এই ধারা অব্যাহত থাকলে রাজধানীবাসীর স্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশবিদেরা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং যাদের আগে থেকেই শ্বাসজনিত সমস্যা রয়েছে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে।