Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিবালয়ে ভাঙচুর-হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৫ ২৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে অজ্ঞাতনামা ১২০০ জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২৮ আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে বাদী হয়ে মামলাটি করেন। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সচিবালয়ে হামলা, গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে আসামি করা হয়। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে অজ্ঞাতপরিচয় এক হাজার থেকে ১২০০ শিক্ষার্থী ও স্বার্থান্বেষী দুষ্কৃতকারীরা মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিতসহ বিভিন্ন দাবি নিয়ে মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি পালন করে। প্রথমে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড ও শিক্ষা ভবনের উদ্দেশে মার্চ করলেও পরবর্তীতে শিক্ষা ভবন থেকে বের হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে সচিবালয়ের সামনে অবস্থান নেন।

এজাহারে আরও বলা হয়, আন্দোলন চলাকালীন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। তাদের সচিবালয়ে প্রবেশ না করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করা হয়। পরে তারা বেআইনিভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের মেইন গেটের সামনে এসে দাঙ্গা সৃষ্টি করে এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তখন তাদের বাধা দিলে কর্তব্যরত পুলিশ, সেনাবাহিনী ও আনসার বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে। এতে অনেকে গুরুতর আহত হন। এসময় সরকারি গাড়ি ভাঙচুর করে ক্ষতিসাধন করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

এর আগে, গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমান দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশসহ ছয় দফা দাবি এবং এইচএসসি-সমমানের পরীক্ষা দেরিতে স্থগিতের ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ শিক্ষার্থীরা। এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করেন তারা।

সারাবাংলা/এমএইচ/পিটিএম