Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টাঙ্গাইলে চাঁদাবাজির অভিযোগে শহর বিএনপির ৩ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:৪৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ফাইল ছবি

টাঙ্গাইল: চাঁদাবাজির অভিযোগে টাঙ্গাইল শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

শনিবার (২ আগস্ট) রাতে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল লিখিতভাবে তাদের দল থেকে বহিষ্কার করেন।

পুলিশের হাতে আটক বহিষ্কৃত তিন নেতা। ছবি: সংগৃহীত

পুলিশের হাতে আটক বহিষ্কৃত তিন নেতা। ছবি: সংগৃহীত

বহিষ্কৃত নেতারা হলেন— শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জুবায়ের আহমেদ, ধর্মবিষয়ক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, শহর বিএনপির সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, “দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনায় জড়িতদের দলে স্থান হবে না।”

বিজ্ঞাপন

এর আগে, এক মাছ ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ওই তিন বিএনপি নেতা ও আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী মো. আজাহারুল ইসলাম-এর কর্মচারীর হাতে একটি চিঠি দিয়ে যায় এক অজ্ঞাত ব্যক্তি। শুক্রবার সকালে চিঠিটি পেয়ে আজাহারুল থানায় অভিযোগ করেন।

চিঠিতে লেখা হয়, ‘যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। মনে রাখবি প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। আর বাচঁতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’

এছাড়াও চিঠিতে উল্লেখ করা হয়, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যাবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বি নাই। দাকিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছুই না। তাই আগামী আগস্টের ৩ তারিখে রোববার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।’

চিঠির বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির তিন নেতা ও আরও দুইজনকে গ্রেফতার করে।

সারাবাংলা/এসএস