Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১০ নভেম্বর ২০২৫ ১১:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে আরিফ মির (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

গুলিবিদ্ধ ইমরান নিহত আরিফের চাচাতো ভাই বলে বলে জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকাল ৬টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গ্রুপের সঙ্গে একই এলাকার ইউনিয়ন বিএনপি সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ গ্রুপের দীর্ঘ দিনের বিরোধ ছিল।

বিজ্ঞাপন

সোমবার (১০ নভেম্বর) সকালে নিহত আরিফ ও ইমরান ঘুম থেকে উঠে তাদের বাড়ির সামনে গেলে শাহ কামালের নেতৃত্বে একদল তাদের উপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে আরিফ ও ইমরান গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ইমরানকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রুহুল আমিন জানান, দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। এদের মধ্যে হাসপাতালে নিয়ে আসার আগেই আরিফের মৃত্যু হয়। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর