Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৩:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চলমান কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে তাদের কাজে যোগদানের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গত কয়েকদিন ধরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করায় জরুরি স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে। এতে সেবাপ্রার্থী সাধারণ মানুষ কষ্ট ও দুর্ভোগের স্বীকার হচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পাওয়াতে বিঘ্ন ঘটায় সেবা গ্রহীতাদের নিকট দু:খ প্রকাশ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দশম গ্রেড প্রদানের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সব কর্মকাণ্ড ইতিবাচকভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে অবহিত করেছে। এই দাবি বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মনোভাবও ইতিবাচক। যেহেতু এটি দীর্ঘদিনের সমস্যা, কাজেই তা সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

আন্দোলনকারীদের প্রতিনিধিবৃন্দ সচিব মহোদয়দের সঙ্গে আলোচনা করে এ বিষয়ের অগ্রগতি সম্পর্কে অবহিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মবিরতি প্রত্যাহার এবং কাজে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সব পক্ষের ইতিবাচক মনোভাব, উদ্যোগ ও কর্মকাণ্ড চলমান অবস্থায় কর্মবিরতির নামে রোগীদের সেবাবঞ্চিত করার পথ পরিত্যাগ করে অবিলম্বে কাজে যোগদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর