Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক পিপির ৪ দিন ও ছেলের ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪৪

সাবেক সরকারি কৌশলী আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেল। ছবি: সারাবাংলা

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌশলী আব্দুল লতিফের চার দিন ও তার ছেলে মো: রাসেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মন্ডল এ রিমান্ড মঞ্জুর করেন।

সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের হুমায়ুন কবির ও তার ভাই হাবিবুর রহমান হবি হত্যা মামলায় পিতা ও পুত্রকে পৃথক মামলায় পাঁচ দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে, আদালত থেকে জেলহাজতে নেওয়ার পথে আব্দুল লতিফ ও তার ছেলের ওপর পচা ডিম নিক্ষেপ করে বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর গভীর রাতে কুচপুকুর গ্রামের হুমাযুন কবিরকে কাশেমপুর বাইপাস সড়কে ক্রসফায়ারের নাটক সাজিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা সদর থানার তৎকালীন পরিদর্শক মহিদুল ইসলামকে প্রধান আসামি ও তৎকালীন সরকারি কৌশলী আব্দুল লতিফকে ৫নং আসামিসহ মোট ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আজগার আলী।

অপরদিকে, একই গ্রামের হাবিবুর রহমান হবি হত্যা মামলার ৩০নং আসামি আব্দুল লতিফের ছেলে মো. রাসেল।

সাতক্ষীরা আদালতের অতিরিক্ত সরকারি কৌশলী তোজাম্মেল হোসেন তোজাম জানান, আব্দুল লতিফের কুকর্ম ফাঁস হতে শুরু করেছে। সরকারি কৌশলী হিসেবে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন, সেটা নজিরবিহীন। পিতা-পুত্রকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আব্দুস সাত্তার, তোজাম্মেল হোসেন তোজাম, অ্যাড. এবিএম সেলিম প্রমুখ।
অপরদিকে, আসামি পক্ষে ছিলেন অ্যাড. শফিউল ইসলাম শফি।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর সকালে খুলনার বয়রা এলাকা থেকে আব্দুল লতিফ ও তার ছেলে মো: রাসেলকে গ্রেফতার করে যৌথবাহিনী।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর