Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জামায়াত নেতা আখতারুজ্জামানের ৫ দিনের রিমান্ড চায় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২৬ ১৩:০০

সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের আবেদন করেন বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার পেছনে কোনো কুচক্রী মহলের ইন্ধন ছিল কি না এবং এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালত সূত্র জানায়, এ মামলায় আখতারুজ্জামানকে আগের দিন গ্রেফতার করা হয়। পরে শনিবার রিমান্ড শুনানির জন্য তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে দেরি হওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় যাত্রীদের চাপের কারণে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এ সময় আখতারুজ্জামান তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

মেজর (অব.) আখতারুজ্জামান ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর