Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা, গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ২২:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে ঘুরতে নিয়ে হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধায় ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- তাসলিমা আক্তার (১৮), সৌদি প্রবাসী আরাফাত হোসেন (২২), মো. সাকিব খান (২২), নয়ন মিয়া (২২), নুরুজ্জামান শ্যামল (২০) ও রাকিব মিয়া (২২)।

তালেবুর রহমান বলেন, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভিকটিম আল আদিয়াত সায়রের (১৭) প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে ভিকটিম গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে এবং পরবর্তীতে কয়েকজন বন্ধুর কাছে তা শেয়ার করে। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত তাসলিমাকে ধৈর্য ধরতে বলে এবং দেশে এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী আরাফাত গত ২ নভেম্বর দেশে ফিরে পরদিন ৩ নভেম্বর তাসলিমা ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজি বাইক চালক রাকিব তাদের রিসিভ করে। রাত আনুমানিক ৮টার দিকে ইজি বাইকে জিএমপি’র পূবাইল থানাধীন বিন্দান রোডে প্রবেশ করার পর রাকিব ও আরাফাত ভিকটিমের গলা টিপে ধরে এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ ভিকটিমের হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ভিকটিমের লাশ ইজি বাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

ডিসি মিডিয়া বলেন, বাদী মিজানুর রহমান আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করলে আদালতের নির্দেশে কদমতলী থানায় মামলা হয়। পরবর্তীতে গত ২৬ নভেম্বর গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মামলাটির তদন্তভার গ্রহণ করে। তদন্তভার গ্রহণের পর গোয়েন্দা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় ৩১ ডিসেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টায় ভিকটিমের প্রেমিকা তাসলিমাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগ টঙ্গী পূর্ব থানা এলাকায় ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও পাঁচ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর