Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈকালী হোটেল থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার


১৬ জুলাই ২০১৮ ১৯:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকায় আবাসিক হোটেল বৈকালী থেকে বৃষ্টি আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুলাই) বিকেলে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। এর আগে দুপুর ১২টার দিকে মগবাজার হোটেলটির চার তলার ৪০৭ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বৃষ্টি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে। ঢাকায় মহাখালী সাততলা বস্তিতে পরিবার নিয়ে ভাড়া ছিল।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর চন্দ্র দাস জানান, সকালে বৈকালী হোটেলের ব্যবস্থাপক নোমান সিদ্দিকের মাধ্যমে খবর পেয়ে বৃষ্টি নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হোটেল কতৃপক্ষ জানিয়েছে, এদিন (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রিয়াজ ও প্রিয়া মিথ্যা পরিচয়ে রুম ভাড়া নেয়। এরপর রিয়াজ বাইরে যায়, এক ঘণ্টা পর রিয়াজ ফিরে এসে দেখে বৃষ্টি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে। সে নিজেই ওড়না কেটে বৃষ্টিকে নামিয়ে মাথায় পানি ঢালে। মারা গেছে বুঝতে পারলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

দীপঙ্কর চন্দ্র দাস আরো বলেন, আমরা জানতে পেরেছি স্বামী পরিচয় দেওয়া রিয়াজ আসলে তার দুলাভাই সুমন (২৮)। ঘটনার পর থেকে তিনি পলাতক। সকালে পোশাক কারখানায় যাওয়ার কথা বলে বৃষ্টি বাসা থেকে বের হন।

“বৃষ্টির গলায় অর্ধ চন্দ্রাকৃতির দাগ রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।”

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। তারপরও কিছু ল্যাবরেটরি টেস্ট করতে হবে।

সারাবাংলা/এসএসআর/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook