।। আন্তর্জাতিক ডেস্ক ।।
ভারতের চেন্নাইয়ের একটি বাড়িতে ১১ বছরের এক শ্রবণ প্রতিবন্ধী মেয়েকে সাত মাস ধরে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বয়সে কিশোর থেকে বৃদ্ধ ওই ১৭ জন বাড়িটির রক্ষণাবেক্ষণে নিয়োজিত ছিল। তারাই সাত মাস ধরে ধর্ষণ করে মেয়েটিকে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (১৭ জুলাই) ওই ১৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। চেন্নাইয়ের কিলপক জেলার ডেপুটি পুলিশ কমিশনার এস রাজেন্দ্রা বলেন, এ বছরের জানুয়ারির মাঝামাঝি থেকে অভিযুক্তরা মেয়েটিকে ধর্ষণ করে আসছে। রোববার মেয়েটি তার পরিবারকে এ কথা বলে দেয়।
স্থানীয় পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথ বলেন, মেয়েটিকে প্রথম ধর্ষণ করে ৬৬ বছর বয়স্ক একজন লিফট অপারেটর। ঘুমের ইনজেকশন দিয়ে অচেতন করে নিচ তলায় জেনারেটর রুমে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। ঘটনাটি কাউকে না বলার জন্য মেয়েটিকে হুমকিও দেয় সে। এরপর একে একে ওই বাড়ির রক্ষণাবেক্ষণে নিয়োজিত অন্যরাও মেয়েটিকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেছে।
পুলিশ বলছে, ৩০০ ফ্ল্যাটের বিশাল বাড়িটির নিরাপত্তারক্ষী, ইলেকট্রেশিয়ান, কাজের লোকসহ ২৪ জন এই ভয়াবহ ঘটনার সাথে জড়িত। তাদের সবার বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ভারতে গণধর্ষণ ভয়াবহ রূপ নিয়েছে। গত মে মাসে ঝাড়খন্ডে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর পুড়িয়ে মারা হয়। জুলাই মাসে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্কুলের অধ্যাপক, দুই শিক্ষকসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। এর আগে, দিল্লিতে বাসে তরুণীকে ধর্ষণ করার পর হত্যার ঘটনা সাড়া ফেলে ভারতজুড়ে।
এ ছাড়া, গত সপ্তাহে উত্তর প্রদেশে ক্ষমতাসীন বিজেপির সাংসদ কুলদীপ সিংয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গঠন করা হয়। বাবাকে ধর্ষিত হবার ঘটনা জানানোয় বাবা মেয়েটিকে পিটিয়ে মেরে ফেলে।
সারাবাংলা/এনএইচ