Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারত থেকে দেশে ফিরলেন ১২৮ জেলে, ফেরত গেলেন ২৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: ভারত থেকে বন্দি বিনিময়ের মাধ্যমে ফেরত আসা ১২৮ বাংলাদেশি জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। ফেরত গেছেন ২৩ ভারতীয় জেলে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যস্থতায় স্ব স্ব দেশে জেলেদের ফেরত নিয়েছেন উভয় দেশের কোস্ট গার্ড।

শুক্রবার (৩০ জানুয়ারি) কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের এক প্রেস ব্রিফিং করে তথ্য নিশ্চিত করেছেন বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান।

অধিনায়ক কমান্ডার শাহ্ কামরুজ্জামান জানায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে ২টি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

বিজ্ঞাপন

অপরদিকে, ভারতীয় কোস্ট গার্ড গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আটককৃত জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারতে আটক এসব বোটের মধ্যে ছিল এফবি আদিব-২ (২৮ জন), এফবি মায়ের দোয়া (৩২ জন), এফবি নুরে মদিনা (২৪ জন), এফবি আমিনা গণি (২৯ জন) এবং এফবি আল্লাহ মালিক (১৫ জন)। সর্বমোট ১২৮ জন বাংলাদেশি জেলেকে ভারত থেকে ফেরত আনে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান ও বিসিজিএস সোনার বাংলা।

অন্যদিকে, বাংলাদেশে আটক ভারতীয় জেলেরা ছিলেন দুটি ফিশিং বোটে- এফবি শুভ যাত্রা (১৪ জন) ও এফবি অনি-২ (৯ জন)। মোট ২৩ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ভিজয়া-এর নিকট হস্তান্তর করা হয়।

কমান্ডার শাহ্ কামরুজ্জামান আরও জানান, বন্দি বিনিময়ের অংশ হিসেবে ভারতীয় জেলেদের বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্ত করে মোংলায় আনা হয় এবং ২৮ জানুয়ারি তাদের হস্তান্তরের উদ্দেশ্যে সমুদ্রে নেওয়া হয়। পরে ২৯ জানুয়ারি বঙ্গোপসাগরের পশ্চিম আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন এলাকায় দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেলেদের হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

সবশেষে শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইসে বাংলাদেশি জেলেদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর