ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা আক্তার (৭) হত্যা মামলার প্রধান আসামি বাবলু শেখকে (৫৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকার শংকরপাশা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল অভিযান চালায়। এতে এসআরবি-৬ সহযোগিতা করে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে নগরকান্দা উপজেলার তারাকান্দি এলাকায় বসবাসকারী ইদ্রিস আলী মোল্যার মেয়ে মাহফুজা আক্তারকে বাবলু শেখসহ অন্য আসামিরা তাদের বাড়িতে ডেকে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাবলু শেখের বসতবাড়িসংলগ্ন বাগান থেকে মাহফুজার মরদেহ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পারিবারিক পূর্ব বিরোধের জেরে চলতি বছরের ১ আগস্ট বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা মধ্যে যেকোনো সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, মারধর ও আঘাত করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
এ ঘটনায় মাহফুজার বাবা ইদ্রিস আলী মোল্যা বাদি হয়ে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১০।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মাহফুজা হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।