Sunday 01 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পৌঁছেছে প্রায় ৬০ হাজার পোস্টাল ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবর্তিত আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং কার্যক্রমে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত প্রবাসীদের পাঠানো ১ লাখ ৫৭ হাজার ৭৯৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। নির্বাচন কমিশনের ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাস থেকে পোস্টাল ব্যালটে এবার এখন পর্যন্ত সবচেয়ে কম ভোট দিয়েছে জিম্বাবুয়ে, ক্যামেরুন, গায়ানা, নাইজার ও কলম্বিয়া। মাত্র একজন করে প্রবাসী নিবন্ধিত হয়েছিলেন এবং পোস্টাল ব্যালটে ভোটও দিয়েছেন। আর দুই ভোট দেওয়ার মধ্যে রয়েছে লাটভিয়া, ইকুয়েডর, পূর্ব তিমুর, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়ার প্রবাসী বাংলাদেশিরা। এসব দেশ থেকে দুজন নিবন্ধন করেছেন। সুদান ও জাম্বিয়া থেকে তিন জন করে ভোট দিয়েছেন। ১২৩টি দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়েছে সৌদি আরব।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং চালু করেছে নির্বাচন কমিশন। প্রবাসে সাড়ে সাত লাখের মত নিবন্ধন করেছেন এবার ভোট দেওয়ার জন্য। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে যাদের পোস্টাল ব্যালট ফিরবে সেগুলো গণনা করবে রিটার্নিং অফিসাররা।

দেশে ও দেশের বাইরে থেকে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন, যাদের অর্ধেকের বেশি প্রবাসী।

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করেছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটারদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান কার্যক্রমের সর্বশেষ বিবরণী:

  • ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে: ৭ লাখ ৬৬ হাজার ৮৬২
  • ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ৫ লাখ ২০ হাজার ৫০১
  • ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে: ৪ লাখ ৬১ হাজার ৬০৪
  • ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা হয়েছে: ৪ লাখ ১৫ হাজার ৭৬২
  • ব্যালট বাংলাদেশে পৌঁছেছে: ১ লাখ ৫৭ হাজার ৭৯৮

‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ এর মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের সর্বশেষ বিবরণী:

  • বিডি পোস্ট থেকে ভোটারদের কাছে পাঠানো ব্যালট: ৫ লাখ ৮০ হাজার ৯৬৮
  • ভোটার ব্যালট গ্রহণ করেছেন: ২৪ হাজার ৯১
  • ভোটার কর্তৃক ভোটদান সম্পন্ন হয়েছে: ১৭ হাজার ৫৩
  • ভোটার কর্তৃক পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে: ৯ হাজার ৮৪৩।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর