Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াত নানামুখী ষড়যন্ত্র করছে : আমিনুল হক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা-১৬ আসনের ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আমিনুল হক অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশ নষ্ট করতে জামায়াতে ইসলামী নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি বলেন, যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, সেই দলের হাতে দেশ ও নারীদের সম্মান কখনোই নিরাপদ হতে পারে না।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার ১২তম দিনে মিরপুর-১২-এর ডি ব্লক এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। আমিনুল হক বলেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে ভোট জালিয়াতির অপচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বিকাশের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার মতো প্রতারণামূলক কর্মকাণ্ডেও তারা জড়িত রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

জামায়াতকে ‘মিথ্যাচারী’ আখ্যা দিয়ে আমিনুল হক ভোটারদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কার্যক্রম ও দলটির শীর্ষ নেতার বক্তব্য স্পষ্টভাবে প্রমাণ করে তারা এখনও গণতন্ত্র ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করে না। যে দলের প্রধান নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যারা একসময় দেশের স্বাধীনতা চায়নি, তারাই আজ বলছে ‘চলো দেশ গড়ি’ এটা সম্পূর্ণ হাস্যকর।

তিনি আরও বলেন, যারা আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে পারে না, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ হতে পারে না। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই জনগণ তাদের এই আচরণের দাঁতভাঙা জবাব দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে আমিনুল হক জানান, মিরপুর এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই হবে তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি বলেন, অর্থের অভাবে যেন কোনো মানুষ শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই তার প্রধান অঙ্গীকার। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া প্রতিটি দুয়ারে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও উল্লেখ করেন আমিনুল হক। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিরপুর-১২ এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে গণসংযোগ করেন আমিনুল হক। এ সময় তিনি ভোটারদের হাতে ইশতেহার তুলে দেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর