ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে ওই সড়ক দিয়ে চলাচলরত সব ধরনের যানবাহন বন্ধ হয়ে পড়ে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে এ সড়ক অবরোধ করা হলে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। এই সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বলেন, সাতরাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক। ওই সড়ক অবরোধের ফলে বিজয়নগরসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়েছে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে ব্যাপক যানজট লেগে গেছে। সোনারগাঁওয়ের সামনের কানেক্টিং সড়ক দিয়ে গাড়ি পাস করা যাচ্ছে না। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে।