আইসিসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ নতুন নয়। সবশেষ টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে যাওয়া ও পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘটনায় আইসিসির ভূমিকায় সেটা আরও জোরালো হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা এম আসিফ বলছেন, এখন সময় এসেছে আইসিসির বিকল্প সংস্থার কথা ভাবার।
নিরাপত্তা ইস্যুতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছিল পাকিস্তানও। শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করবেন তারা। পুরো ঘটনায় আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ক্রিকেটারসহ অনেকেই।
খাজা এম আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি টুইট শেয়ার করে লিখেছেন, এখনই সময় আইসিসি ভেঙে নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা করার। তার মতে, আইসিসি ভারতের রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্ত।
এক্সে তিনি লিখেছেন, ‘নতুন একটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা প্রয়োজন। ভদ্রলোকের খেলাকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার। আইসিসি এখন দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনীতির হাতে বন্দী হয়ে গেছে।’
খাজা আসিফ যে টুইট শেয়ার করেছেন, সেখানে আবার দাবি করা হয়েছে বাংলাদেশকে ফেরালেই ভারত ম্যাচ খেলতে রাজি হয়ে যাবে পাকিস্তান। সাউথ এশিয়া ইনডেক্স নামের ঐ ভেরিফাইড এক্স একাউন্ট থেকে লেখা হয়েছে, ‘ব্রেকিং নিউজ। পাকিস্তান আইসিসিকে বলেছে তারা ভারতের সাথে খেলবে কেবলমাত্র যদি বাংলাদেশকে বিশ্বকাপে ফিরিয়ে আনা হয় এবং ম্যাচগুলো হয় শ্রীলঙ্কায়।’ যদিও এমন খবরের সত্যতা পাওয়া যায়নি এখনও।