Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে সংবিধানের প্রস্তাবনায় ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনাগাঁওয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান জানান, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়া হয়েছিল। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তা আবার সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, একসময় সংবিধানের শুরুতে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ এবং এর নিচে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’-কে রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসেবে উল্লেখ করা ছিল। সংবিধানের ৮(১) অনুচ্ছেদেও এটি রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। তবে ১৯৭২ সালের মূল সংবিধানে এই বিষয়টি ছিল না; ১৯৭৯ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এটি সংযোজন করা হয়।

বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। এর মধ্যে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসন ৪৫ থেকে ৫০-এ উন্নীত করার বিষয়টি উল্লেখযোগ্য। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা পুনঃসংযোজন করা হয় এবং মূলনীতি থেকে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়া হয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, সংবিধানের ঐতিহাসিক ধারাবাহিকতা ও জনগণের বিশ্বাসের প্রতিফলন ঘটাতে হলে এসব বিষয় পুনর্বিবেচনা করা প্রয়োজন। সে লক্ষ্যেই বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারে এই অঙ্গীকার যুক্ত করেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর