আইসিসি ও বিসিবির মধ্যে টানাপোড়ন চলছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তের আগে থেকেই। ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তের পর আইসিসির সঙ্গে স্নায়ুযুদ্ধ চলছে পাকিস্তানেরও। এসবের মধ্যেই এবার জানা গেল, আইসিসির জরুরি ভার্চ্যুয়াল সভায় যোগ দিতে পাকিস্তানের লাহোরে গেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৮ ফেব্রুয়ারি সকালে লাহোরে পৌঁছেছেন বুলবুল। আইসিসির অনড় সিদ্ধান্তে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে না পারা এবং তার জেরে পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কটের ঘোষণায় সৃষ্ট অচলাবস্থার মধ্যে এই সভার খবর সামনে এসেছে।
জিও নিউজ বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নাকভির সঙ্গে আজ সাক্ষাৎ করবেন বুলবুল। এছাড়া দিনের শেষ দিকে অন্যান্য সদস্য দেশের সঙ্গে আইসিসির জরুরি ভার্চুয়াল সভায় যোগ দেবেন।
এর আগে শনিবার ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ জানায়, পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে আইসিসি। চলমান টি-টুয়েন্টি বিশ্বকাপকেন্দ্রিক এই সংকটের শুরু বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেওয়া থেকে।