Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাইরে ম্যাচ বাড়াতে বিসিবির উদ্যোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৪:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে নতুন পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পরিকল্পনার অংশ হিসেবে ঢাকার বাইরে অনুষ্ঠিত ম্যাচগুলোতে সরাসরি উপস্থিত থাকবেন জাতীয় নির্বাচকরাও।

বর্তমানে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ফিটনেস ক্যাম্প করছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই প্রস্তুতি চলবে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগ পর্যন্ত।

সাম্প্রতিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সিলেটে। শেষ চারের ম্যাচগুলো অনুষ্ঠিত হয় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ভবিষ্যতেও ঢাকার বাইরের ভেন্যুগুলোতে বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিবির।

বিজ্ঞাপন

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পক্ষে জোর দিয়ে আসছেন। এ বিষয়ে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেবের (আমিনুল ইসলাম বুলবুল) ইচ্ছে যে, ক্রিকেটকে ঢাকাকেন্দ্রিক থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্যই বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সিলেটে করা হয়েছে প্রথমবারের মত। নারী বিপিএলও কিন্তু ঢাকার বাইরে উদ্বোধন হচ্ছে। এসব পদক্ষেপের মানেই হচ্ছে আমরা ঢাকা থেকে ক্রিকেটকে বাইরে ছড়িয়ে দিতে চাই।’

এছাড়া ঢাকার বাইরে ম্যাচ হলে নির্বাচকদেরও সেখানে পাঠানো হবে বলে জানান তিনি। এতে করে স্থানীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের কাছ থেকে সরাসরি পারফরম্যান্স দেখার সুযোগ তৈরি হবে। ইফতিখাার রহমান মিঠু বলেন, ‘যখন বাইরে খেলা হবে তখন পর্যবেক্ষণ করার জন্য তো নির্বাচকদের বাইরে দিতেই হবে । ভবিষ্যতে নিশ্চয়ই ওই রকম স্কাউট বা নির্বাচক থাকবে যে পর্যবেক্ষণ করবে নতুন প্লেয়ার কোত্থেকে আসতে পারে।’

সম্প্রতি বিসিবির নির্বাচক প্যানেলেও পরিবর্তন এসেছে। মেয়াদ শেষে দায়িত্ব ছাড়েন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রধান নির্বাচক হয়েছেন হাবিবুল বাশার সুমন। সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাদিফ চৌধুরী ও মোহাম্মদ নাঈম। আগের মতো দায়িত্বে থাকছেন হাসিবুল হোসেন শান্ত।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক!
৩ অক্টোবর ২০২৬ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর