ঢাকা: রাজধানীর টিকাটুলিতে সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক (৩৮) নামে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় এক সিএনজি চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের আনসার সদস্য, পুলিশ জানান, সকালে মিলন নামে এক সিএনজি চালক ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তখন চিকিৎসকদের জানায়, ওয়ারী টিকাটুলি মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। স্থানীয়রা গুরুতর অবস্থায় মিলনের সিএনজিতে উঠিয়ে দিয়েছে। তবে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর ওই ব্যক্তিকে নামিয়ে রেখেই কৌশলে পালিয়ে যায় সে। সিএনজিটিও ফেলে রেখে গেছে।
এদিকে, খবর পেয়ে হাসপাতালে আসে মৃত ব্যক্তির বড় বোন শিরিন আক্তার। তিনি জানান, ওমর ফারুক অ্যামেরিকার স্থায়ী নাগরিক। স্ত্রী, ৩ মেয়ে ও মাকে নিয়ে আমেরিকায় থাকেন। তাদের বাড়ি মাদারিপুর শীবচর উপজেলার আজগরগাও কান্দি গ্রামে। তার বাবা মৃত গোলাম কুদ্দুস।
তিনি আরও জানান, গত মাসের ২৮ তারিখে ওমর ফারুক বাংলাদেশে এসেছেন। চলতি মাসের ২০ তারিখ সকালে তার ফিরতি ফ্লাইট। বাংলাদেশে এসে টিকাটুলিতে হোটেল সুপার লিমিটেডে উঠেছিলেন। সেখান থেকেই পশ্চিম ধোলাইপাড়ে বড় বোনের বাসায় আসা যাওয়া করতেন। শুক্রবার সকালে ফোনে তার মৃত্যুর খবর শুনতে পান তারা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা সিএনজি চালক তার সিএনজি রেখে পালিয়ে গেছে। ঘটনাটি ওয়ারী থানা পুলিশকে জানানো হয়েছে। তারাই বিষয়টি তদন্ত করছে।