সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটো রিকশার যাত্রী আখি খাতুন (২৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটো রিকশা চালক।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আখি খাতুন বিয়ারা ঘাট এলাকার ফারুক হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে বিয়ারা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে অটো রিকশার যাত্রী আখি খাতুন রিকশা থেকে সড়কে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় রিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
স্থানীয়রা আরও জানায়, নিহত আখি খাতুন তার মেয়েকে মাদরাসায় রেখে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে ওই সড়কে আধাঘণ্টা যানবহন চলাচল বন্ধ থাকে। ফলে এ সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন এ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া ঘাতক বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।