ঢাকা: ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও বেআইনি প্রভাব বিস্তারের অভিযোগ এনে নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসের শপথ গ্রহণ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার বরাবর নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে মোট ১২টি ভোটকেন্দ্রে সংঘটিত সুনির্দিষ্ট অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে। পাটওয়ারীর দাবি, এসব কেন্দ্রগুলোতে ব্যাপক কারচুপির মাধ্যমে প্রকৃত ফলাফলকে প্রভাবিত করা হয়েছে।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এবং তার কর্মী-সমর্থক ও এজেন্টরা ভোট রিগিং, ফলাফল আটকে রাখা এবং বাতিল হওয়া ভোট গণনায় অন্তর্ভুক্ত করার মতো কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। তিনি দাবি করেন-
- সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও আসনের রিটার্নিং কর্মকর্তা সরাসরি অনিয়মে জড়িয়ে পড়েছেন।
- কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মির্জা আব্বাস। তিনি পেয়েছেন ৫৯ হাজার ৩৬৬ ভোট। অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
এ আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট এবং গণঅধিকার পরিষদের প্রার্থী ট্রাক প্রতীকের মেঘনা আলম ৬০৮ ভোট পেয়েছেন।
ঢাকা-৮ আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়ে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি। বৈধ ভোট ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি। এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি। বাতিল হয়েছে ৩২০টি।