কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে ফেরার পথে পাঁচ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে নাইক্ষ্যংদ্বীয়া নামক নাফ নদীর অংশ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম।
অপহৃত জেলেরা হলেন, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শাহেদ, শাহ আলম, আমীর আব্বাস ও আবুল হোসনসহ মোট পাঁচজন। তারা মাহামুদুল্লাহ নামের এক ব্যক্তির মালিকানাধীন একটি নৌকায় মাছ শিকার করছিলেন।
প্রত্যক্ষদর্শী জেলে আতাউর রহমান জানান, মঙ্গলবার রাতে পাঁচটি নৌকা একসঙ্গে মাছ শিকার শেষে ফিরছিল। এ সময় হঠাৎ একটি স্পিডবোটের ইঞ্জিনের শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই স্পিডবোট নিয়ে এসে আরাকান আর্মির সদস্যরা একটি নৌকা ঘিরে ফেলে এবং পাঁচ জেলেকে নৌকাসহ ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। অন্য নৌকাগুলো দ্রুত সরে এসে নিরাপদে ফিরে আসে।
আতাউর রহমান বলেন, মাছ শিকার শেষে ফেরার সময় আমরা প্রায়ই মিয়ানমারের জলসীমার কাছাকাছি দিয়ে আসি। এ কারণে মাঝেমধ্যে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। গত রাতেও হঠাৎ করে তারা এসে একটি নৌকা নিয়ে চলে যায়।
ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, জালিয়াপাড়া এলাকার মাহামুদুল্লাহর নৌকাটি মাছ শিকার শেষে ফেরার পথে আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে নিশ্চিত হওয়া গেছে।
এ ঘটনায় শাহপরীর দ্বীপ এলাকায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।