টি-২০ র্যাংকিংয়ের শীর্ষে থেকেই বিশ্বকাপে পা রেখেছিলেন তিনি। বিধ্বংসী ব্যাটিংয়ে বছরজুড়েই ফর্মের তুঙ্গে থাকা অভিষেক শর্মা বিশ্বকাপে এসেই পা হড়কালেন। গ্রুপ পর্বের তিন ম্যাচের তিনটিতেই শূন্য রানে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। টানা তিন ডাকে লজ্জার এক রেকর্ডও গড়লেন অভিষেক।
অভিষেক এবারই প্রথম খেলতে নেমেছিলেন টি-২০ বিশ্বকাপের মঞ্চে। গ্রুপ পর্বে নিজের প্রথম তিন ম্যাচেই ওপেনিংয়ে নেমেছিলেন তিনি। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডস; তিন ম্যাচেই রানের খাতা খুলতে পারেননি তিনি।
টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে প্রথম ও সব মিলিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০ বিশ্বকাপে নিজের প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়লেন অভিষেক। প্রথমজন উগান্ডার রজার মুকাসা, ২০২৪ আসরে এই তেতো স্বাদ পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়া ক্রিকেটার আছেন আরও দুজন। ২০১০ ও ২০১৬ আসর মিলিয়ে এই অভিজ্ঞতা হয় সাবেক ভারতীয় পেসার আশিস নেহরার। ২০০৯ সালে এই স্বাদ পান ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।