ঢাকা: রাজধানীর পৃথক স্থান থেকে দুইটি হাত ও দুটি পা উদ্ধারের এবার যাত্রাবাড়ির মাতুয়াইল ময়লার স্তুপ থেকে উদ্ধার হয়েছে নিহতের খণ্ডিত মাথা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে যা মস্তক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক তদন্ত মো. মনিরুজ্জামান শেখ।
তিনি বলেন, রাতে সংবাদ পাওয়া যায় মতিঝিল ডাষ্টবিনে নিহত ব্যক্তির খণ্ডিত মাথা আছে। সেখানে গিয়ে খণ্ডিত মাথা পাওয়া যায়নি। সেখান থেকে সুইপাররা ময়লা নিয়ে মাতুয়াইলে ফেলে। পরে সেখানে গিয়ে মস্তক উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশ থেকে একটি পা ও বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে দুইটি কাটা হাত উদ্ধার করে পুলিশ। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির দেহের অংশ এগুলো।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান খন্ডিত পা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ দুপুরের দিকে কমলাপুর স্টেশনের ১৪ নম্বর প্লাটফর্মের পাশ থেকে আরেকটি পা উদ্ধার করা হয়। সবগুলো খন্ডিত অংশ একই ব্যক্তির। যেহেতু ঘটনাস্থল ঢাকা রেলওয়ে থানা এলাকায়, সেহেতু এই খন্ডিত পায়ের সুরতহাল প্রতিবেদন ঢাকা রেলওয়ে থানা পুলিশ করবে।
ওসি জানান, সকালে বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি এলাকায় রাস্তায় বিচ্ছিন্ন দুই হাত পাওয়া যায়। এছাড়া স্কাউট ভবনের সামনের রাস্তা থেকে উদ্ধার করা হয় একটি বিচ্ছিন্ন পা। পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, তার নাম ওবায়দুল্লাহ (৩০) বাবার নাম আব্দুল হামিদ। গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার তাতারকান্দি গ্রামে। দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। দেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।