ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ ও ১৪ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সমিতি।
রোববার (১ মার্চ) সমিতির দ্বিতীয় তলার দক্ষিণ হলে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় আইনজীবীদের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হওয়ার জন্য তফসিল ঘোষণা করা হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা ও প্রত্যাহার সংক্রান্ত নোটিশ জারি করা হয় এবং ১৯ ফেব্রুয়ারি থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। রোববার ছিল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। একই দিনে সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছিল। তবে বিশেষ সাধারণ সভায় এসব কার্যক্রম স্থগিত করে পুরো নির্বাচন প্রক্রিয়া পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমিতি জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী শিগগিরই সংশোধিত তফসিল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী সদস্য পদে ৭টিসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।